প্রকাশিত: Tue, Mar 21, 2023 10:29 PM
আপডেট: Mon, Jun 29, 2026 7:51 AM

৯২ বছর বয়সে আবারো বিয়ে করছেন রুপার্ট মারডক

সামিরা ইসলাম: মিডিয়া মোগলের এটি হবে পঞ্চম বিয়ে। পাত্রী অ্যান লেসলি স্মিথ। বয়স ৬২ বছর। ইতোমধ্যে বাগদানের কথা ঘোষণা করেছেন ৯২ বছর বয়সী এই ব্যবসায়ী। লেসলি স্মিথ এক সময় পুলিশের চাকরি করতেন। 

এই বয়সে বিয়ে নিয়ে সংবাদমাধ্যমকে মারডক বলেন, ‘আমি ভীষণ নার্ভাস ছিলাম। আমি আবার প্রেমে পড়তে ভয় পেতাম কিন্তু এটাই শেষ বার। এবার ভালো হবে। আমি ভীষণ খুশি।’ আগামী গ্রীষ্মেই বিয়ের  পরিকল্পনা করেছেন মারডক।

বছর খানেক আগে চতুর্থ পত্নী জেরি হলের সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করেন মারডক। জেরির সঙ্গে তার বিয়ে হয়েছিল ২০১৬ সালে। তার এ বিচ্ছেদ মারডকের মালিকানাধীন ফক্স নিউজ, দ্য ওয়াল স্ট্রিট জার্নালের মতো বড় বড় গণমাধ্যমে খবর বের হয়। 

বিপুল সম্পত্তির মালিক মারডকের হবু স্ত্রীর প্রাক্তন স্বামী চেস্টার স্মিথ ছিলেন গায়ক। এ ছাড়া তার ব্যবসাও ছিল। ২০০৮ সালে তার মৃত্যু হয়। মারডকের সঙ্গে বাগদানের পর লেসলি বলেন, ‘আমাদের দু’জনের জন্য এটাই ঈশ্বরের উপহার। গত বছরের সেপ্টেম্বরেই রুপার্টের সঙ্গে আমার আলাপ হয়।’ তিনি আরো বলেন, ‘আমি ১৪ বছর ধরে বিধবা। রুপার্টের মতো আমার স্বামীও ব্যবসায়ী ছিলেন... রুপার্ট আর আমার বোঝাপড়া খুব ভালো।’

রুপার্টের প্রথম তিনটি বিয়েতে ৬ সন্তান রয়েছে। ৯২ বছর বয়সে জীবনের নতুন শুরু করছেন বলে জানান তিনি। সম্পাদনা: ইমরুল শাহেদ